বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন (ইমিগ্রেন্ট) ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) এক নথিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন (ইমিগ্রেন্ট) ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) এক নথিতে উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজ ডিজিটালের দেখা এক মেমো অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা ‘পাবলিক চার্জ’—অর্থাৎ সরকারি ভাতা বা কল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আবেদনকারীদের ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির অংশ হিসেবে এটিকে এখন পর্যন্ত অন্যতম কঠোর সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
মেমোতে কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। স্ক্রিনিং ও যাচাই-বাছাই প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক নির্দেশনায় ‘পাবলিক চার্জ’ বিধি কঠোরভাবে প্রয়োগের কথা বলা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা, দীর্ঘমেয়াদি চিকিৎসার সম্ভাব্য প্রয়োজন এবং অতীতে সরকারি সহায়তা নেওয়ার ইতিহাস বিবেচনায় আনা হবে। বয়স্ক, অতিরিক্ত ওজনের বা আগে সরকারি নগদ সহায়তা পাওয়া ব্যক্তিরা ভিসা পেতে বাধার মুখে পড়তে পারেন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের ওপর বোঝা হয়ে দাঁড়াতে পারেন—এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করতে দপ্তর তার আইনগত ক্ষমতা ব্যবহার করবে। তাঁর ভাষায়, প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসন স্থগিত থাকবে।
এই সিদ্ধান্তের ফলে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসনের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। সিদ্ধান্তটি এমন সময়ে এলো, যখন কয়েক মাস পর যুক্তরাষ্ট্র যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশি দর্শকের বড় সমাগমের অপেক্ষা।
ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত হওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানসহ মোট ৭৫টি দেশ।
যে ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে যুক্তরাষ্ট্র: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
তথ্যসূত্র: ফক্স নিউজ, রয়টার্স