পাশে থাকার বার্তা পুতিনের, ইরানের ‘বিশ্বস্ত বন্ধু’ রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের প্রতি ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবেই পাশে থাকবে মস্কো। ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই অবস্থান জানান বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, চলমান সংকটের মধ্যে ইরানের জনগণ যেন ‘মর্যাদার সঙ্গে’ পরিস্থিতি মোকাবিলা করতে পারে—সেই শুভকামনা জানিয়েছেন পুতিন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কঠিন এই সময়ে রাশিয়া তেহরানের নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে।
মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলেছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘নির্লজ্জ ও নিষ্ঠুর’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া।
তবে ইরানের প্রতি রাশিয়ার বাস্তব সমর্থন নিয়ে প্রশ্ন রয়েছে। ইরানি সূত্রগুলোর দাবি, বড় সংকটের মুখে পড়লেও মস্কো থেকে প্রত্যাশিত সহায়তা তারা পায়নি।
বিশ্লেষকদের মতে, ইরান-রাশিয়ার কৌশলগত সম্পর্ক থাকলেও পারস্পরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা নেই। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে মস্কো, কারণ এতে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা