মাহফুজের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাতে প্ল্যাটফর্মটির ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাতে প্ল্যাটফর্মটির ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
রাত সোয়া ৯টার দিকে অল্টারনেটিভসের ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়। কিছুক্ষণ পর মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সেই পোস্ট শেয়ার করেন।
ঘোষিত কমিটিতে মাহফুজ আলম ছাড়াও রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তাঁদের মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমন সৈয়দ দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।
২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় আসেন মাহফুজ আলম। ওই অভ্যুত্থানের নেপথ্যের অন্যতম সংগঠক হিসেবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তালিকা তৈরিতেও ভূমিকা রাখেন।
পরে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেক তরুণ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেও দলটির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মাহফুজ আলম সেখানে যোগ দেননি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেন।
অল্টারনেটিভসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তরুণদের ইতিবাচক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার অপূর্ণ স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায়িত্বশীল বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিকভাবে সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটিকে সারা দেশে বিস্তারের জন্য সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করা হবে।
ডালাস বার্তা প্রতিবেদক