‘স্বপ্ন’ ডেটাবেজ হ্যাকের অভিযোগ, ঝুঁকিতে ৪০ লাখ গ্রাহকের তথ্য
বাংলাদেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির ৪০ লাখের বেশি গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির ৪০ লাখের বেশি গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত আগস্টে হ্যাকাররা ইমেইলের মাধ্যমে ডেটাবেজ হ্যাকের দাবি করে এবং তথ্য প্রকাশ না করার শর্তে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে।
তিনি বলেন, ‘হ্যাকাররা ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। তবে আমরা পরীক্ষা করে দেখি, আমাদের নিজস্ব ডেটাবেজ অ্যাক্সেস ঠিক ছিল এবং আমরা দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পাই।’
প্রায় ছয় মাস পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। হ্যাক হওয়া তথ্যে গ্রাহকদের ব্যক্তিগত ও কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে।
স্বপ্ন কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা ডেটাবেজের একটি অংশে সাময়িকভাবে প্রবেশাধিকার পেয়ে থাকতে পারে, তবে বর্তমানে পুরো সিস্টেম তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে কাজ করছে তারা।
এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন বর্তমানে দেশের ৬৩ জেলায় ৮০০-র বেশি আউটলেট পরিচালনা করছে।
বিশ্লেষকদের মতে, গ্রাহক তথ্য ফাঁসের এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত গোপনীয়তাই নয়, বরং দেশের খুচরা খাতের সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করছে।
তথ্যসূত্র: টিবিএস