৮ ঘণ্টা অপেক্ষার পরও তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা
জ্বালানি তেলের জন্য টানা আট ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
জ্বালানি তেলের জন্য টানা আট ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৯ মার্চ) যশোরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ জানায়, গ্রেপ্তার চালক সুজাত আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এর আগে বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শনিবার রাত সোয়া ২টার দিকে সুজাত আলী নড়াইল সদর উপজেলা-র ‘তানভীর ফিলিং স্টেশন’-এ ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তা দিতে অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে সুজাত আলী তর্কে জড়িয়ে পড়ে হুমকি দিয়ে চলে যান।
পরে রাতেই ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পেছন থেকে ট্রাক দিয়ে ধাক্কা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ সরদার এবং গুরুতর আহত হন তার সহকর্মী জিহাদ মোল্লা।
ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত চালক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। রোববার বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযুক্ত স্বীকার করেছেন।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডালাস বার্তা প্রতিবেদক