রাশিয়ার আগ্রাসনের ৪ বছর: ইউক্রেন ভাঙেনি, বললেন জেলেনস্কি
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, `ইউক্রেনীয়দের ভাঙতে পারেননি’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কিয়েভে দেওয়া বার্তায় জেলেনস্কি দাবি করেন, ইউক্রেন স্বাধীনতা ও রাষ্ট্রত্ব রক্ষা করেছে এবং মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, `ইউক্রেনীয়দের ভাঙতে পারেননি’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কিয়েভে দেওয়া বার্তায় জেলেনস্কি দাবি করেন, ইউক্রেন স্বাধীনতা ও রাষ্ট্রত্ব রক্ষা করেছে এবং মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
এই দিনে সংহতি জানাতে কিয়েভে যান এক ডজনের বেশি ইউরোপীয় শীর্ষ কর্মকর্তা। চার বছরের যুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণ গেছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ইউরোপজুড়ে নিরাপত্তা শঙ্কা বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক 'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার' -এর তথ্য অনুযায়ী, গত এক বছরে রুশ বাহিনী ইউক্রেনের মাত্র ০.৭৯% ভূখণ্ড দখল করেছে; মোট দখল এখন প্রায় ২০%।
তবে বাস্তবে ইউক্রেনকে বড় মূল্য দিতে হয়েছে। রুশ বিমান হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত, বেসামরিক জীবন বিপর্যস্ত। একই দিনে মস্কোয় বৈঠকে যুদ্ধের বার্ষিকী উল্লেখ করেননি পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কোর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে—এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো-যোগদান প্রত্যাহার, সেনা কমানো ও বিস্তৃত ভূখণ্ড ছাড়।
জাতিসংঘে যুদ্ধবিরতির আহ্বান
যুদ্ধ পঞ্চম বছরে পড়ার মুখে শান্তি-আলোচনায় অগ্রগতি নেই। দনবাসের ভবিষ্যৎ ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে অচলাবস্থা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও সামগ্রিক শান্তির পক্ষে প্রস্তাব পাস করে—ভোট ১০৭–১২; যুক্তরাষ্ট্রসহ ৫১ দেশ বিরত থাকে। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর ট্যামি ব্রুস যুদ্ধবিরতির পক্ষে থাকলেও ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা জোরদারের ভাষা বাদ দিতে চেয়েছিলেন।
ট্রাম্পকে কিয়েভ সফরের আহ্বান
কিয়েভের স্মৃতিসৌধে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘তাহলেই বোঝা যাবে এই যুদ্ধ আসলে কী।’ ট্রাম্প অতীতে একদিনে যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও গত এক বছরে তার অবস্থান পাল্টেছে একাধিকবার। জেলেনস্কি জানান, ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা আলোচনা হতে পারে।
ইউরোপের নিরাপত্তা ও ‘পুতিনের বাজি’
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেন, ‘ইউরোপে আবার যুদ্ধ ফিরে এসেছে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ যুদ্ধকে রাশিয়ার ‘সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ত্রিমুখী ব্যর্থতা’ আখ্যা দেন। কিয়েভে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।
বিশ্লেষকদের মতে, পুতিনের হিসাব—সময় রাশিয়ার পক্ষে; পশ্চিমা সমর্থন কমলে ইউক্রেন দুর্বল হবে। অন্যদিকে ন্যাটো দেশগুলোর সহায়তার পাশাপাশি রাশিয়া পেয়েছে উত্তর কোরিয়া, ইরান ও চীনের সমর্থন। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, ড্রোন প্রযুক্তির দ্রুত বিকাশ যুদ্ধের চরিত্র বদলে দিয়েছে; সামনের সারির বাইরে দূরবর্তী এলাকায়ও আঘাত হানছে উভয় পক্ষ।
গত মাসে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়, বসন্ত নাগাদ দুই পক্ষের নিহত–আহত–নিখোঁজ মিলিয়ে সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে।
পুনর্গঠনে ৫৮৮ বিলিয়ন ডলার
বিশ্ব ব্যাংক, ইউরোপীয় কমিশান, জাতিসংঘ ও ইউক্রেন সরকারের যৌথ হিসাবে, আগামী এক দশকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রায় ৫৮৮ বিলিয়ন ডলার লাগবে—যা দেশটির গত বছরের নামমাত্র জিডিপির প্রায় তিন গুণ। যুক্তরাজ্য নতুন সামরিক ও মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে ইউক্রেনীয়দের প্রশিক্ষণে ব্রিটিশ সামরিক মেডিক দল পাঠানোও রয়েছে।
তথ্যসূত্র: এপি