চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Oct 26, 2026 - 00:40
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উইকিমিডিয়া কমন্স

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সোমবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। গত ২৫ অক্টোবর রোববার সরকারি সংবাদ সংস্থা বিএসএসের বরাতে এই তথ্য জানা গেছে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। তারেক রহমান টোকিওর ইমপেরিয়াল হোটেলে অবস্থান করবেন। সফরের প্রথম দিনে তিনি জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠক করবেন, যেখানে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিও উপস্থিত থাকবেন।

সফরকালে তিনি জাপান-বাংলাদেশ কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন কমিটির চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান, যার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বৈঠকের পর যৌথ সংবাদ বিবৃতি ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। আলোচনায় কৌশলগত সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ এবং অবকাঠামো সহযোগিতার বিষয় উঠে আসবে বলে জানা গেছে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড