ধসের ঝুঁকিতে ম্যানহাটনের ৩৭ তলা ভবন, জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হলো বাসিন্দাদের
নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে ৩৭ তলা একটি ভবনে কাঠামোগত অস্থিরতা দেখা দেওয়ায় আশপাশের অন্তত ৯টি ভবন থেকে জরুরি ভিত্তিতে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ২৩৫ ইস্ট ৪২তম স্ট্রিটে অবস্থিত ভবনটির ২১তম ও ২২তম তলার মধ্যবর্তী দুটি সাপোর্ট কলাম বেঁকে যায় এবং ২১তম থেকে ২৬তম তলা পর্যন্ত মেঝে দেবে যেতে শুরু করে।

গত ৭ জুলাই মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে এফডিএনওয়াই জানিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভবনটি ওষুধ কোম্পানি ফাইজারের সাবেক বিশ্ব সদর দপ্তর, যা বর্তমানে বাণিজ্যিক থেকে আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলছিল। ওপরের ১৫ তলায় সম্প্রসারণসহ সংস্কার কাজ চলাকালে এই কাঠামোগত সমস্যা দেখা দেয়।
প্রায় ১৫০ জন দমকল ও জরুরি সেবা কর্মী এবং ৫০টিরও বেশি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়। কেনেডি ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ৪০০ শিশু এবং হ্যাম্পটন ইন হোটেলের অতিথিদের সরিয়ে নেওয়া হয়। ৪০তম থেকে ৪৫তম স্ট্রিট পর্যন্ত ফার্স্ট ও থার্ড অ্যাভিনিউর মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়।
এফডিএনওয়াই চিফ জন এসপোজিতো বলেন, স্টিলের বক্স বিমগুলো ভারে বেঁকে যেতে শুরু করেছে এবং বিশেষ যন্ত্রে পর্যবেক্ষণে ভবনে ক্রমাগত নড়াচড়া ধরা পড়েছে। ডেভেলপার মেট্রোলফটের নেথান বারম্যান জানান, ওপরের তলায় অতিরিক্ত ভার যোগ করায় দুটি নির্দিষ্ট কলাম ধসে পড়েছে এবং তদন্ত চলছে।
ভবনটিতে আগে থেকেই ২২টি বিল্ডিং বিভাগের লঙ্ঘনের রেকর্ড রয়েছে এবং ৩৯ হাজার ডলারের জরিমানা বকেয়া আছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি প্ল্যাটফর্ম ধসে এক নির্মাণশ্রমিক আহত হওয়ার অভিযোগে মামলা হয়েছিল। এখনো পর্যন্ত কেউ আহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে এবং অস্থায়ীভাবে ভবন স্থিতিশীল করার কাজ চলছে।
সূত্র: ফক্স নিউজ