এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক বলেছেন, ‘আজ থেকে আপনারা দলের নন, সংসদের অভিভাবক। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই।’
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক বলেছেন, ‘আজ থেকে আপনারা দলের নন, সংসদের অভিভাবক। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে সভাপতির নাম প্রস্তাবের সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে আবার কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে তিনি সংসদকে কার্যকর করতে সব দলের সহযোগিতা কামনা করেন।
তারেক রহমান বলেন, অতীতে জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে অকার্যকর করে ফেলা হয়েছিল। নতুন সরকার সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের প্রধান মঞ্চে পরিণত করতে চায়।
বক্তব্যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের স্মরণ করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এবং স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি।
একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাও উল্লেখ করেন তিনি।
সংসদের প্রথম বৈঠকের সভাপতিত্বের জন্য প্রবীণ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন বাস্তবতায় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে।
ডালাস বার্তা প্রতিবেদক