টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে লোহার রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে লোহার রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীরা বিভিন্ন স্থান থেকে ট্রাকটিতে উঠেছিলেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তথ্যসূত্র: ইউএনবি