মিনেসোটার এআই নুডিফিকেশন নিষিদ্ধ আইনের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্সএআই

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মিনেসোটার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল নগ্নচিত্র নিষিদ্ধ করার আইনকে অসাংবিধানিক দাবি করে ফেডারেল আদালতে মামলা করেছে। আইনটি শনিবার কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন আগে, গত সোমবার মামলাটি দায়ের করা হয়।

Aug 7, 2026 - 19:26
মিনেসোটার এআই নুডিফিকেশন নিষিদ্ধ আইনের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্সএআই
উইকিমিডিয়া কমন্স

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মিনেসোটার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল নগ্নচিত্র নিষিদ্ধ করার আইনকে অসাংবিধানিক দাবি করে ফেডারেল আদালতে মামলা করেছে। আইনটি শনিবার কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন আগে, গত সোমবার মামলাটি দায়ের করা হয়।

এপি জানিয়েছে, ৩৮ পৃষ্ঠার মামলায় এক্সএআই জানায় যে তারা কারও সম্মতি ছাড়া তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত নগ্নচিত্রের বিতরণ নিষিদ্ধ করার রাজ্যের লক্ষ্যকে চ্যালেঞ্জ করছে না। তবে মিনেসোটার আইন সেই লক্ষ্যের বাইরে গিয়ে অনেক সাংবিধানিকভাবে সুরক্ষিত কনটেন্টকেও নিষিদ্ধ করে।

মামলায় আরও বলা হয়, আইনটিতে এমন কোনো সুরক্ষার ব্যবস্থা নেই যা কোম্পানিগুলোকে সদিচ্ছার প্রচেষ্টার ক্ষেত্রে রক্ষা করবে। প্রতিটি লঙ্ঘনের জন্য পাঁচ লাখ ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এক্সএআই দাবি করেছে, আইনটিতে যে শারীরিক অংশের সংজ্ঞা দেওয়া হয়েছে তা অতিরিক্ত বিস্তৃত, এমনকি এটি প্রকাশ্যে দেখানো যায় এমন শরীরের অংশকেও অন্তর্ভুক্ত করে। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেছেন, তার দফতর এখনো মামলাটি পায়নি।

মিনেসোটা এমন প্রথম রাজ্য হতে চলেছে যেটি এআই ব্যবহার করে কারও নকল নগ্নচিত্র তৈরির প্রযুক্তি নিষিদ্ধ করার চেষ্টা করছে। আইনটি মে মাসে স্বাক্ষরিত হয়েছিল এবং শনিবার কার্যকর হওয়ার কথা।

সূত্র: এপি নিউজ