মিনেসোটার স্পিকার হর্টম্যান হত্যায় ভ্যান্স বোয়েলটারকে দুটি যাবজ্জীবন কারাদণ্ড
মিনেসোটার হাউস স্পিকার মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী মার্ককে হত্যার দায়ে ভ্যান্স বোয়েলটারকে পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
মিনেসোটার হাউস স্পিকার মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী মার্ককে হত্যার দায়ে ভ্যান্স বোয়েলটারকে পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
এনবিসি নিউজ জানায়, গত ২৩ জুলাই বৃহস্পতিবার মিনেসোটার ফেডারেল আদালতে ৫৯ বছর বয়সী বোয়েলটারের সাজা ঘোষণা করা হয়। গত জুনে বোয়েলটার ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, ফলে প্রসিকিউটররা মৃত্যুদণ্ড না চেয়ে এই সর্বোচ্চ সাজার বিষয়ে একমত হন।
আদালতে উপস্থাপিত নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৪ জুন রাত সাড়ে তিনটায় বোয়েলটার পুলিশ অফিসারের ছদ্মবেশে হর্টম্যানের বাড়িতে যান এবং কল্যাণ পরীক্ষার নাম করে দরজা খোলান। এরপর মার্ক হর্টম্যানকে গুলি করেন এবং ওপরে পালাতে থাকা মেলিসাকেও গুলি করেন। ওই রাতেই তিনি রাজ্য সিনেটর জন হফম্যান ও তাঁর স্ত্রীকেও গুরুতর আহত করেন।
সরকারপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, বোয়েলটার মাসের পর মাস তাঁর লক্ষ্যগুলো চিহ্নিত করে তাদের পর্যবেক্ষণ করেছেন। প্রসিকিউটররা লিখিতভাবে বলেছেন, বোয়েলটার গণতন্ত্রের ওপর আঘাত হেনেছেন। তিনি রাজ্যের প্রতিনিধিত্বমূলক সরকারের ভিত্তি নষ্ট করার চেষ্টা করেছেন।
এই ঘটনা মিনেসোটার ইতিহাসের সবচেয়ে বড় পুলিশি অনুসন্ধান শুরু করে এবং নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে জাতীয় উদ্বেগ তৈরি করে। ঘটনার পর থেকে গোটা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় আইনপ্রণেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ