বার্কশায়ারের মুনাফা দ্বিগুণের বেশি, বড় বিনিয়োগে গ্রেগ অ্যাবেল
বার্কশায়ার হ্যাথাওয়ের নতুন প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল দ্বিতীয় প্রান্তিকে ওয়ারেন বাফেটের সঞ্চিত বিপুল নগদ মজুত থেকে প্রায় দুই হাজার কোটি ডলার বিভিন্ন বিনিয়োগে মোতায়েন করেছেন এবং কোম্পানির নিট মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ২ হাজার ৫৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

শনিবার প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, গত বছর একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ২৪০ কোটি ডলার। পরিচালনা আয় বার্ষিক ভিত্তিতে ১৬.৩ শতাংশ বেড়েছে বলে সিএনবিসি ও ফোর্বস জানিয়েছে।
দ্বিতীয় প্রান্তিকে বার্কশায়ার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে, যা এখন কোম্পানির শীর্ষ শেয়ার হোল্ডিং হিসেবে উঠে এসেছে। গত ২৪ জুলাই হোম বিল্ডার টেইলর মরিসন হোম করপোরেশন অধিগ্রহণ করা হয় প্রায় ৬৮০ কোটি ডলারে এবং প্রায় ৪৫০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয় করা হয়।
এর ফলে মার্চ শেষে প্রায় ৪০ হাজার কোটি ডলার থাকা নগদ মজুত জুন শেষে কমে ৩৬ হাজার ৫৫০ কোটি ডলারে নেমে এসেছে। বীমা খাতে জিইআইকোর উপার্জন অনুপাত ছিল ৯১.২ শতাংশ এবং বিএনএসএফ রেলওয়ের মালামাল পরিবহন ২০২৫ সালের তুলনায় ৬.৫ শতাংশ বেড়েছে।
বাফেট ২০২৬ সালের শুরুতে বার্কশায়ারের দায়িত্ব অ্যাবেলের হাতে তুলে দেন। বছরের পর বছর ধরে সঞ্চিত এই বিশাল নগদ মজুত কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল; দ্বিতীয় প্রান্তিকের বিনিয়োগে ইঙ্গিত মিলছে যে অ্যাবেল শেয়ারবাজারের পাশাপাশি বড় ধরনের অধিগ্রহণেও মনোযোগ দিচ্ছেন।
সূত্র: সিএনবিসি, ফোর্বস