ডালাসে ভেপিং নিষেধাজ্ঞা কার্যকর, লঙ্ঘনে সর্বোচ্চ ৫০০ ডলার জরিমানা
ডালাসে ১১ ডিসেম্বর থেকে পাবলিক স্থানে ই-সিগারেট বা ভেপিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিদ্যমান ধূমপানবিরোধী আইন এখন থেকে ভেপিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে সব ধরনের ইনডোর এলাকা, ভবনের প্রবেশপথের ১৫ ফুটের মধ্যে থাকা স্থান এবং সব পার্ক এলাকায় ভেপিং করা যাবে না।
ডালাসে ১১ ডিসেম্বর থেকে পাবলিক স্থানে ই-সিগারেট বা ভেপিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিদ্যমান ধূমপানবিরোধী আইন এখন থেকে ভেপিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে সব ধরনের ইনডোর এলাকা, ভবনের প্রবেশপথের ১৫ ফুটের মধ্যে থাকা স্থান এবং সব পার্ক এলাকায় ভেপিং করা যাবে না।
শহরের এনভায়রনমেন্টাল কমিশন ও অফিস অব এনভায়রনমেন্টাল কোয়ালিটি প্রস্তাবিত সংশোধনীটি ২০২৪ সালে কাউন্সিলে পাস হয়। এতে বলা হয়েছে—শহরের যেকোনো ইনডোর বা বদ্ধ স্থানে ধূমপান বা ভেপিং করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তখনই বলা হয়েছিল, নিয়মটি কার্যকর হবে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে।
কোথায় ভেপিং নিষিদ্ধ
যেকোনো ইনডোর বা আবদ্ধ এলাকা, ভবনের প্রবেশপথ থেকে ১৫ ফুটের মধ্যে, সব ধরনের পার্ক এলাকা ও ‘নো স্মোকিং’ সাইনযুক্ত স্থান। এছাড়া হাসপাতাল, নার্সিং হোম, স্কুল, সিটি পরিচালিত ভবন, কর্মস্থল, লাইব্রেরি, থিয়েটার, মিউজিয়াম, লিফট এবং ডে-কেয়ার হিসেবে ব্যবহৃত বাসা-বাড়িতেও ভেপিং নিষিদ্ধ।
নিয়ম ভাঙলে জরিমানা কত
নিষিদ্ধ স্থানে ভেপিং করলে প্রতিবার সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। সিটি কর্মকর্তারা জানান, অভিযোগ যাচাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হবে।
কোথায় ভেপিং করা যাবে
ব্যক্তিগত বাসাবাড়ি (যদি তা ডে-কেয়ার বা স্বাস্থ্যসেবায় ব্যবহৃত না হয়), থিয়েটারের মঞ্চে অভিনয়ের প্রয়োজনে, সনদপ্রাপ্ত সিগার বার ও টোব্যাকো শপ ও হোটেলের নির্ধারিত স্মোকিং রুম। এ ছাড়াও খোলা রেস্টুরেন্ট/ বার প্যাটিও ((যদি শিশুদের খেলার জায়গার পাশে না হয়), গলফ কোর্সের নির্দিষ্ট এলাকা, শুটিং রেঞ্জ এবং পার্ক পার্টনার সাইট।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি স্বাস্থ্যসংগঠন পার্ক ও ইনডোর এলাকায় ভেপিং নিষিদ্ধের সুপারিশ করেছিল। কাউন্সিল সদস্য ক্যাথি স্টুয়ার্ট বলেন, “ভেপিং আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি।”
বিশেষজ্ঞরা জানান, ই-সিগারেট ধোঁয়া না তৈরি করলেও এর অ্যারোসল আল্ট্রাফাইন কণিকা ছড়িয়ে দেয়, যা ক্যানসার ও হাঁপানির মতো জটিলতার সঙ্গে সম্পর্কযুক্ত। শহরের পরিবেশ দপ্তর জানায়, ভেপিং ডিভাইস থেকে নির্গত PM2.5 কণিকা জন্মগত ত্রুটির ঝুঁকিও বাড়াতে পারে।
সব মিলিয়ে নতুন এ নিষেধাজ্ঞার ফলে শহরজুড়ে ইনডোর এয়ার কোয়ালিটি উন্নত হবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ফক্স ফোর