ডালাস শিশু হাসপাতালে অবরোধ, পুলিশের গুলিতে সশস্ত্র ব্যক্তি নিহত

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে এক শিশু হাসপাতালে সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে দীর্ঘ অচলাবস্থার পর পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

Mar 12, 2026 - 14:26
ডালাস শিশু হাসপাতালে অবরোধ, পুলিশের গুলিতে সশস্ত্র ব্যক্তি নিহত
ঘটনার তদন্ত শুরু করেছে ডালাস পুলিশ। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে এক শিশু হাসপাতালে সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে দীর্ঘ অচলাবস্থার পর পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

বুধবার রাত প্রায় ১১টার দিকে ডালাসের চিলড্রেনস হেলথ হাসপাতালের পার্কিং এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সন্দেহভাজনকে খুঁজতে গিয়ে কর্মকর্তারা তাঁকে হাসপাতালে একটি গাড়ির ভেতরে অবস্থান করতে দেখেন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে সোয়াট দল মোতায়েন করা হয়। সন্দেহভাজন ব্যক্তি গাড়ির ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রাখেন এবং বের হতে অস্বীকার করেন। অচলাবস্থা ভাঙতে পুলিশ গাড়ির ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের দাবি, পরে তিনি গাড়ি থেকে বের হয়ে কর্মকর্তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করলে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই  চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এখনও নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার কারণ বা কেন তিনি হাসপাতালের পার্কিংয়ে ছিলেনসেটিও পরিষ্কার নয়।

এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডালাস পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর