শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতা-কর্মীরা : জাহেদ উর রহমান
কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে দেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নির্দলীয় এ নির্বাচনে তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না—এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই একজন ব্যক্তি হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, “একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারেন। তবে এটি নির্দলীয় নির্বাচন। এখানে কেউ দলের পরিচয়ে প্রচার চালাতে পারবেন না। কেউ যদি নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ বা দলের রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে।”
আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর দলীয় পদ-পদবি থাকলে তাঁর ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি নিষিদ্ধ থাকায় দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই।
তিনি বলেন, “ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচন করতে পারেন। সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”
আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, মামলা থাকা মাত্রই কেউ নির্বাচনের অযোগ্য হয়ে যান না।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও মামলা থাকলেও প্রার্থী হওয়া যায়। আইন অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত দুই বছরের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তাই মামলা থাকলেও আইনগতভাবে অযোগ্য ঘোষিত না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ডালাস বার্তা প্রতিবেদক