পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, তালিকায় অপরাধী থেকে প্রতারক
চলমান অভিবাসন কড়াকড়ির অংশ হিসেবে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতার প্ররোচনা ও জাতীয় নিরাপত্তার হুমকি এই বাতিলের কারণ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত ১১ আগস্ট সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র দপ্তর জানায়, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি, মাদক সংক্রান্ত অপরাধ, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, জালিয়াতি ও অর্থ আত্মসাতের মতো অপরাধে জড়িতদের ভিসা বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস শতাধিক বার্থ ট্যুরিস্ট বাবা-মায়ের ভিসা বাতিল করেছে, যারা সন্তানের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। শিশু বলাৎকার, শিশু পর্নোগ্রাফি রাখা এবং হেরোইনসহ গাড়ি চালানোর দায়ে অভিযুক্তদের ভিসাও বাতিল করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল হয়েছে। কিউবার কমিউনিস্ট সরকারের এজেন্ট, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং মার্কিন প্রেসিডেন্টের ক্ষতি করার ইচ্ছা পোষণকারী কুয়েতি নাগরিকও তালিকায় রয়েছেন।
পররাষ্ট্র দপ্তর বলেছে, ভিসাধারীদের তথ্য নিয়মিত যাচাই করা হয় এবং এই বাতিলগুলো সেই প্রক্রিয়ারই অংশ। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসনের ওপর কঠোর কড়াকড়ি শুরু করেছেন। সূত্র: ডেইলি স্টার