মেটা তার এআই অবকাঠামো অ্যানথ্রপিককে ভাড়া দেওয়ার আলোচনায়
মেটা এআই স্টার্টআপ অ্যানথ্রপিককে কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেওয়ার প্রাথমিক আলোচনা করছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানিটি অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং নামে নতুন একটি ব্যবসায় প্রতিযোগিতায় নামবে।

নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে এবং জানায়, দুই বছরে এই চুক্তির মূল্য ১০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে সিএনএনের সূত্র জানিয়েছে, নির্দিষ্ট অঙ্ক নিয়ে যা প্রকাশিত হয়েছে তা অনুমানমূলক। মেটা ও অ্যানথ্রপিক উভয়ই এই আলোচনায় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মেটা এ বছর তার এআই অবকাঠামো তৈরিতে ১২৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনা করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই ব্যয়ের একটি অংশ পূরণে গত এপ্রিলে কোম্পানিটি প্রায় ৮ হাজার কর্মী বা ১০ শতাংশ জনবল ছাঁটাই করে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মে মাসে বার্ষিক শেয়ারহোল্ডার সভায় বলেন, প্রায় প্রতি সপ্তাহে বাইরের বিভিন্ন কোম্পানি তাদের কাছে কম্পিউটিং ক্ষমতা কেনার প্রস্তাব নিয়ে আসে। তিনি বলেন, এখনো তা বিক্রি করা হয়নি কারণ কোম্পানির নিজের প্রয়োজন রয়েছে, তবে অতিরিক্ত তৈরি হলে সেটি একটি বিকল্প।
অ্যানথ্রপিকের ইতিমধ্যে গুগল, স্পেসএক্স, মাইক্রোসফট ও অ্যামাজনের সঙ্গে বিলিয়ন ডলারের কম্পিউট লাইসেন্সিং চুক্তি রয়েছে। অন্যদিকে মেটার শেয়ারের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশের বেশি কমেছে এবং বিনিয়োগকারীরা চাইছেন এআই বিনিয়োগ থেকে সুস্পষ্ট আর্থিক লাভ দেখতে।
সূত্র: সিএনএন