বন্ধু দেশগুলোর মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান
ইরান জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপ হয়নি বলে স্পষ্ট করেছে তেহরান।
ইরান জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপ হয়নি বলে স্পষ্ট করেছে তেহরান।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে একাধিক বন্ধুদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পাওয়া গেছে। তবে গত ২৪ দিনের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা চলছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচ দিনের জন্য হামলা স্থগিত করা হয়েছে।
তবে তেহরান এ দাবি প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের বিষয়টি ছিল না বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবর।
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে রয়টার্স জানিয়েছে, মিশর, তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।
ট্রাম্প বলেছেন, এই আলোচনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে নয়; বরং তিনি এমন কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যাদের তিনি ‘সুবিবেচক’ হিসেবে বর্ণনা করেছেন।
আলোচনার ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোমাবর্ষণ চালিয়ে যাব।’
তিনি আরও দাবি করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে এবং উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে ইরানের গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা কোনো মধ্যস্থতায় কোনো আলোচনাই চলছে না।
ইরানের সংবাদ সংস্থা ফারসের এক সূত্রের দাবি, ট্রাম্পের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। বরং উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ‘পিছু হটেছে’।
তথ্যসূত্র: এএফপি, রয়টার্স