মার্কিন মেডিকেল প্রযুক্তি কোম্পানিতে ইরানপন্থী হ্যাকারদের সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল প্রযুক্তি কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিষ্ঠানে ইরানপন্থী হ্যাকারদের উল্লেখযোগ্য হামলা বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল প্রযুক্তি কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিষ্ঠানে ইরানপন্থী হ্যাকারদের উল্লেখযোগ্য হামলা বলে ধারণা করা হচ্ছে।
মিশিগানভিত্তিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার বুধবার জানায়, সাইবার হামলার কারণে তাদের মাইক্রোসফট পরিবেশে বড় ধরনের নেটওয়ার্ক বিঘ্ন ঘটে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হ্যাকার গ্রুপ ‘হান্ডালা টিম’ এই হামলার দায় স্বীকার করেছে। টেলিগ্রাম ও এক্সে দেওয়া বিবৃতিতে তারা নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে।
কোম্পানির এক কর্মী জানান, হামলার পর অনেক কর্মীর অফিসিয়াল মোবাইল ফোন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, ফলে যোগাযোগ ও কাজকর্ম কার্যত স্থবির হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের ধারণা, হ্যাকাররা কোম্পানির মাইক্রোসফট ইনটিউন ব্যবস্থাপনায় প্রবেশ করে কিছু ডিভাইস দূর থেকে ‘ফ্যাক্টরি রিসেট’ করে দেয়। এতে অনেক ডিভাইসের তথ্য মুছে যায়।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস –এর থ্রেট ইন্টেলিজেন্স পরিচালক রাফে পিলিং বলেন, হ্যাকাররা সম্ভবত ডিভাইস ম্যানেজমেন্ট কনসোলে প্রবেশ করে দূর থেকে ডিভাইস মুছে দেওয়ার সুবিধাটি ব্যবহার করেছে।
তবে কোম্পানিটি জানিয়েছে, তাদের মূল সিস্টেম সরাসরি হ্যাক হয়নি এবং হামলায় র্যানসমওয়্যার বা ম্যালওয়্যারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির দাবি, ঘটনাটি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর পর ইরানপন্থী হ্যাকাররা আগে মূলত ছোটখাটো ওয়েবসাইট বিকৃতি বা গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক এই হামলা সেই ধারা বদলের ইঙ্গিত বহন করে।
তথ্যসূত্র: এনবিসি নিউজ