ইরানের সঙ্গে যুদ্ধে ‘পরের ধাপে’ যাচ্ছে ইসরায়েল, দাবি সামরিক প্রধানের
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখন ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান আইয়াল জামির। ইতোমধ্যে ইরানে ২ হাজার ৫০০টির বেশি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখন ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান আইয়াল জামির। ইতোমধ্যে ইরানে ২ হাজার ৫০০টির বেশি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার ভিডিও বার্তায় আইয়াল জামির বলেন, যুদ্ধটি একটি ‘ঐতিহাসিক অভিযান’, যার শুরু হয়েছিল আকস্মিক হামলার মাধ্যমে। তাঁর দাবি, সেই প্রথম ধাপেই ইরানের প্রায় ৮০ শতাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৬০ শতাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সেনাপ্রধান বলেন, অভিযানের পরবর্তী ধাপে ইরানের শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করার চেষ্টা চলবে। তিনি ইঙ্গিত দেন, সামনে আরও ‘অপ্রত্যাশিত পদক্ষেপ’ থাকতে পারে।
এদিকে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) লেবানন সীমান্তেও সামরিক তৎপরতা বাড়ানোর নির্দেশ পেয়েছে। গত দুই দিনে দক্ষিণ লেবাননের লিটানি নদীর দক্ষিণাঞ্চল, বৈরুতের দক্ষিণ উপশহর এবং বেকা উপত্যকার কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে।
জামির বলেন, সীমান্ত বরাবর নিয়ন্ত্রণরেখা আরও গভীরে নেওয়া এবং দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্য থেকে ইসরায়েল সরে আসবে না।
এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় আইডিএফ জানায়, হিজবুল্লাহর ছোড়া অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরায়েলি কর্মকর্তা গুরুতর এবং আরেকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। আহত দুই সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন