ডিএফডব্লিউ-সহ ১৩ বিমানবন্দরে টিকিটবিহীন যাত্রীদের গেটে প্রবেশের সুযোগ দিচ্ছে টিএসএ
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের ১৩টি বিমানবন্দরে টিকিটবিহীন যাত্রীরা এখন নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়ে গেটে প্রবেশ করতে পারবেন।
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের ১৩টি বিমানবন্দরে টিকিটবিহীন যাত্রীরা এখন নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়ে গেটে প্রবেশ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মঙ্গলবার গেটসাইড বাই টিএসএ প্রিচেক নামে একটি নতুন কর্মসূচি চালু করেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচিটি টিএসএ প্রিচেক সদস্যদের জন্য বিনামূল্যে উন্মুক্ত।
অংশগ্রহণকারীদের বিমানবন্দরে যাওয়ার এক থেকে তিন দিন আগে অনলাইনে আবেদন করতে হবে এবং অনুমোদন পেলে টিএসএ প্রিচেক লেইন দিয়ে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা যাবে। নোন ট্র্যাভেলার নম্বর থাকা অন্যান্য ট্রাস্টেড-ট্র্যাভেলার কর্মসূচির সদস্যরাও আবেদন করতে পারবেন।
টিএসএ জানিয়েছে, পাস একটি ক্যালেন্ডার দিনের জন্য বৈধ এবং সেদিন একাধিকবার প্রবেশও করা যাবে। সংস্থাটি জানিয়েছে, এটি তাদের সবচেয়ে বিশ্বস্ত যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বিমানবন্দরে কঠোর নিরাপত্তা বিধির কারণে টিকিটবিহীন যাত্রীদের গেটে প্রবেশ বন্ধ হয়ে যায়। প্রায় ২৫ বছর পর সেই সুযোগ আবার চালু হলো। টিএসএ জানিয়েছে, আগামী মাসগুলোতে আরও বিমানবন্দরে এই কর্মসূচি সম্প্রসারিত করা হবে।
সূত্র: এপি / এনবিসি ডিএফডব্লিউ