বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম কঠোর করল ট্রাম্প প্রশাসন
ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা বিধি চূড়ান্ত করেছে, যার আওতায় ফেডারেল সরকারের অনুমতি ছাড়া চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকা যাবে না। প্রোগ্রাম পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থানান্তরের সুযোগও সীমিত করা হয়েছে। এর আগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিসা বাড়ানোর ক্ষমতা ছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নীতি ভিসা অপব্যবহার রোধ করবে এবং নিয়মিত যাচাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করবে। হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মুলিন বলেন, কয়েক দশক ধরে বিদেশি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ভর্তি করা হয়েছে, যা হাজারো শিক্ষার্থীকে ক্রমাগত কোর্সে নাম লিখিয়ে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করতে সুযোগ দিয়েছে।
এর আগে এফ-১ ও জে-১ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীরা ডিউরেশন অব স্ট্যাটাস নীতির আওতায় ডিগ্রি শেষ করতে যতদিন লাগে ততদিন থাকতে পারতেন। নতুন নিয়মে সেই থাকার মেয়াদে সময়সীমা বেধে দেওয়া হয়েছে। স্নাতকোত্তরের পর দেশ ছাড়ার বা ভিসা পরিবর্তনের সময় ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষাবিদ সংগঠন নাফসার প্রধান নির্বাহী ফান্টা আও বলেন, এই নতুন নীতি একটি কার্যকর ব্যবস্থায় অনিশ্চয়তা, আমলাতন্ত্র ও ভয় ঢুকিয়ে দিচ্ছে এবং এটি এমন একটি সমস্যার সমাধান যা আদৌ বিদ্যমান নয়। সংগঠনটি এই নিয়মকে ভুলপথে পরিচালিত ও অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছে।
বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী স্নাতকোত্তর পর্যায়ে, বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করেন, যেখানে গবেষণা প্রকাশ ও অর্থায়নের কারণে পড়াশোনা দীর্ঘায়িত হতে পারে। এই নিয়ম ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো ও অভিবাসন সীমিত করার বৃহত্তর পদক্ষেপের অংশ।
সূত্র: বিবিসি