ডিসপ্লে ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি টয়োটা ক্যামরি প্রত্যাহার

টয়োটা বিশ্বজুড়ে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ক্যামরি গাড়ি প্রত্যাহার করেছে। ডিসপ্লে ত্রুটির কারণে স্টার্টআপের সময় গাড়ির টার্ন সিগনাল, হ্যাজার্ড লাইট ও অন্যান্য নিরাপত্তা সংকেত বন্ধ হয়ে যেতে পারে বলে মঙ্গলবার এই প্রত্যাহারের ঘোষণা দেয় কোম্পানিটি।

Aug 11, 2026 - 19:08
ডিসপ্লে ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি টয়োটা ক্যামরি প্রত্যাহার
উইকিমিডিয়া কমন্স: MercurySable99

টয়োটা বিশ্বজুড়ে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ক্যামরি গাড়ি প্রত্যাহার করেছে। ডিসপ্লে ত্রুটির কারণে স্টার্টআপের সময় গাড়ির টার্ন সিগনাল, হ্যাজার্ড লাইট ও অন্যান্য নিরাপত্তা সংকেত বন্ধ হয়ে যেতে পারে বলে মঙ্গলবার এই প্রত্যাহারের ঘোষণা দেয় কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) প্রকাশিত নথি অনুযায়ী, ৭ ইঞ্চির ডিসপ্লে কম্বিনেশন মিটার স্টার্টআপে ফাঁকা হয়ে যেতে পারে। এতে টার্ন সিগনাল, হ্যাজার্ড লাইট, সিটবেল্ট রিমাইন্ডার ও চাবি রেখে যাওয়ার সতর্কতা বন্ধ হয়ে পড়ে।

এই প্রত্যাহারে ২০২৫-২০২৬ মডেল বছরের ৫ লাখ ৮ হাজারের বেশি ক্যামরি হাইব্রিড আক্রান্ত, যা যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে। বিশ্বব্যাপী প্রভাবিত গাড়িগুলো ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে অবস্থিত তিনটি কারখানায় উৎপাদিত হয়েছে।

টেক্সাসভিত্তিক টয়োটা মোটর নর্থ আমেরিকা জানিয়েছে, সকল পরিচিত গাড়ির মালিকদের নিকটস্থ অনুমোদিত ডিলারের কাছে গাড়ি নিয়ে যেতে চিঠি পাঠানো হবে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ত্রুটি বিনামূল্যে ঠিক করা হবে।

মালিকদের কাছে চিঠি পাঠানো শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে এবং অক্টোবরের শুরুর মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর আগে গাড়ির মালিকরা এনএইচটিএসএ ও টয়োটার অনলাইন পোর্টালে তাদের গাড়ি প্রভাবিত কি না তা যাচাই করতে পারবেন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস