ওহাইওতে গভর্নর প্রার্থী অ্যামি অ্যাকটনের দিকে ধেয়ে যাওয়া অস্ত্রধারী গ্রেপ্তার

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদের ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের দিকে ধেয়ে যাওয়ার সময় দুটি পিস্তল বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ওহাইওর ক্যানফিল্ড মেলায় এই ঘটনা ঘটে।

Sep 8, 2026 - 19:07
ওহাইওতে গভর্নর প্রার্থী অ্যামি অ্যাকটনের দিকে ধেয়ে যাওয়া অস্ত্রধারী গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স: Senior Airman Gwendalyn Smith

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদের ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের দিকে ধেয়ে যাওয়ার সময় দুটি পিস্তল বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ওহাইওর ক্যানফিল্ড মেলায় এই ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম প্যাট্রিক হাভাস, বয়স ৩৮। ক্যানফিল্ড এলাকার বাসিন্দা হাভাস ভিড় ঠেলে অ্যাকটনের দিকে এগিয়ে যাওয়ার সময় ওহাইও স্টেট হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা তাকে থামিয়ে দেন।

মাহোনিং কাউন্টির শেরিফ জেরি গ্রিন জানান, হাভাস হাতে মোবাইল ফোন তুলে ভিড়ের মধ্যে আক্রমণাত্মকভাবে ঢুকে পড়েন এবং দুজন মুভিলিটি স্কুটার ব্যবহারকারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। অ্যাকটন নিজে আহত না হলেও তাঁর প্রচারদলের কয়েকজন সদস্য আহত হন।

হাভাসের বিরুদ্ধে দুটি মিসডিমিনর অ্যাসল্ট এবং একটি ডিসঅর্ডারলি কন্ডাক্টের অভিযোগ আনা হয়েছে। তাকে কাউন্টি জেলে রাখা হয়েছে।

অ্যাকটনের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামি এবং বর্তমান গভর্নর মাইক ডিওয়াইন উভয়েই ঘটনাটির নিন্দা করে বলেছেন, রাজনৈতিক সমাবেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার বেশ কয়েকটি উচ্চ-প্রোফাইল ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি নিউজ