গোল্ডম্যান স্যাকস ভেরিজন ও লকহিড মার্টিনের ৭ হাজার কোটি ডলারের অবসর তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে

গোল্ডম্যান স্যাকস অ্যাসেট ম্যানেজমেন্ট মার্কিন যোগাযোগ কোম্পানি ভেরিজন এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের মোট ৭ হাজার কোটি ডলারের অবসর তহবিলের বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে।

Jul 12, 2026 - 08:30
গোল্ডম্যান স্যাকস ভেরিজন ও লকহিড মার্টিনের ৭ হাজার কোটি ডলারের অবসর তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে
উইকিমিডিয়া কমন্স

গোল্ডম্যান স্যাকস অ্যাসেট ম্যানেজমেন্ট মার্কিন যোগাযোগ কোম্পানি ভেরিজন এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের মোট ৭ হাজার কোটি ডলারের অবসর তহবিলের বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে।

গত ৯ জুলাই বৃহস্পতিবার এই চুক্তির ঘোষণা দেয় গোল্ডম্যান স্যাকস। সিএনবিসি এই তথ্য জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, ভেরিজনের ৪ হাজার কোটি ডলারের নির্ধারিত অবদান তহবিলের পরামর্শ সেবা এবং ভেরিজন ও লকহিড মার্টিনের মিলিয়ে ৩ হাজার কোটি ডলারের পেনশন তহবিলের বিনিয়োগ ব্যবস্থাপনা গোল্ডম্যান স্যাকসের আউটসোর্সড চিফ ইনভেস্টমেন্ট অফিসার (ওসিআইও) ইউনিটের অধীনে আসবে। এই চুক্তির পর গোল্ডম্যান স্যাকসের ওসিআইও ইউনিটের মোট ব্যবস্থাপনাধীন সম্পদ প্রায় ৪৮ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

গোল্ডম্যান স্যাকসের গ্লোবাল অ্যাসেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মার্ক নাকম্যান বলেছেন, বড় প্রতিষ্ঠানগুলো এখন একটি বিশেষায়িত অংশীদারের কাছে বিনিয়োগ ব্যবস্থাপনার সব দায়িত্ব একত্রিত করছে।

কর্পোরেট পেনশন তহবিলের বাইরের কোনো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানকে বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার এই প্রবণতা ক্রমেই বাড়ছে। এই বাজারে গোল্ডম্যান স্যাকসের প্রতিযোগী হিসেবে রয়েছে ব্ল্যাকরক, রাসেল ইনভেস্টমেন্টস ও মার্সার।

সূত্র: সিএনবিসি