প্রবাসীদের দেশে বিনিয়োগ ও অর্থ ফেরত নেওয়ার সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, বিনিয়োগ উৎসাহিত করা এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Jun 25, 2026 - 00:20
প্রবাসীদের দেশে বিনিয়োগ ও অর্থ ফেরত নেওয়ার সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
উইকিমিডিয়া কমন্স: CAPTAIN RAJU

প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, বিনিয়োগ উৎসাহিত করা এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৩ জুন মঙ্গলবার জারি করা একটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রবাসীরা তাদের হিসাবে রেমিট্যান্সের অর্থ জমা রাখতে পারবেন এবং মূল অর্থ ও সুদ বা বিনিয়োগ আয় অবাধে দেশে ফেরত নিতে পারবেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে চলতি, সঞ্চয়ী বা মেয়াদি আমানত হিসাব খুলতে পারবেন। এই হিসাবের অর্থ স্থানীয় লেনদেন, বৈদেশিক মুদ্রায় রূপান্তর, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পোর্টফোলিও বিনিয়োগে ব্যবহার করা যাবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কার্যরত সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন টাইপ-এ শিল্পপ্রতিষ্ঠানকেও টাকায় ঋণ দেওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই হিসাবে অন্যান্য অনাবাসী হিসাব থেকে স্থানান্তর, সুদ বা মুনাফা আয়, বিনিয়োগ আয় এবং অনুমোদিত বৈদেশিক মুদ্রাসংক্রান্ত প্রাপ্তিও জমা নেওয়া যাবে। তবে কৃষি, বনায়ন ও আবাসন খাতে বিনিয়োগে এই ঋণ ব্যবহার করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, হিসাবধারীরা বাংলাদেশে অপ্রত্যাবাসনযোগ্য বিনিয়োগ এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আবাসিক সম্পত্তি কিনতে পারবেন। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট এই হিসাবের আমানতের বিপরীতে প্রবাসী বা তাদের মনোনীত ব্যক্তিকে ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ দিতে পারবে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড