বিশ্বকাপের ভিড়ে আর্লিংটনের ব্যবসায়ীদের মুখে হাসি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্লিংটনে আন্তর্জাতিক দর্শনার্থীদের ঢল নেমেছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা বড় আর্থিক সুবিধা পাচ্ছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টেক্সাসের আর্লিংটনে হাজার হাজার আন্তর্জাতিক দর্শনার্থী এসেছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা বড় আর্থিক সুবিধা পাচ্ছেন এবং তাদের বিক্রিবাট্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে এই বিশ্বকাপে মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যা যেকোনো আয়োজক শহরের মধ্যে সর্বোচ্চ। আর্লিংটন কনভেনশন ও ভিজিটর ব্যুরোর হিসাব অনুযায়ী, বিশ্বকাপ থেকে এ অঞ্চলে ২০ কোটি ডলারেরও বেশি আর্থিক সুবিধা আসতে পারে।
স্টেডিয়ামের পাশের একটি সুপারশপের ম্যানেজার এড্রিয়ান ফ্রেজার বলেন, আমরা এটাকে একটি কাউবয়স খেলার মতোই পরিচালনা করছি, তবে আরও বড় পরিসরে। ডাউনটাউন আর্লিংটনের নেইল স্টুডিও সহ বিভিন্ন ছোট ব্যবসায়ীরাও ডাচ ও জাপানি ভক্তদের ভিড়ে লাভবান হওয়ার কথা জানিয়েছেন।
বিশ্বকাপ উপলক্ষে আর্লিংটনের হোটেলগুলোতে আয় গত বছরের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রেস্তোরাঁ, পরিবহন ও বিনোদন খাতেও বাড়তি আয়ের খবর আসছে।
আর্লিংটন এই আন্তর্জাতিক আয়োজনের জন্য পরিকাঠামো ও নিরাপত্তায় দেড় কোটি ডলার বিনিয়োগ করেছে। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক দর্শনার্থীদের ঢল অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীরা আশাবাদী।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ