১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্ব নিলেন জন টারনাস

দেড় দশকের নেতৃত্বের পর অ্যাপলের প্রধান নির্বাহীর পদ ছেড়েছেন টিম কুক। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কোম্পানির নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন হার্ডওয়্যার প্রকৌশলী জন টারনাস।

Sep 3, 2026 - 08:30
১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্ব নিলেন জন টারনাস
উইকিমিডিয়া কমন্স: Arne Müseler

দেড় দশকের নেতৃত্বের পর অ্যাপলের প্রধান নির্বাহীর পদ ছেড়েছেন টিম কুক। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কোম্পানির নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন হার্ডওয়্যার প্রকৌশলী জন টারনাস।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, টিম কুকের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা মূলত আইফোনের ব্যাপক জনপ্রিয়তার ফলে সম্ভব হয়। কুক পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কোম্পানিতে থাকবেন।

টারনাস আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপলের সদর দপ্তরে নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানে প্রথমবারের মতো সিইও হিসেবে মঞ্চে নামবেন। এর আগে তিনি অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং অ্যাপল ভিশন প্রোর মতো গুরুত্বপূর্ণ পণ্য তৈরিতে নেতৃত্ব দিয়েছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিম কুকের প্রশংসা করেছেন। কুক ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রেখে এশিয়ায় অ্যাপলের সরবরাহ শৃঙ্খল নিয়ে বাণিজ্য শুল্কযুদ্ধের জটিলতা সামাল দিয়েছেন।

টারনাসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৪ সাল থেকে এআই ফিচার আনার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অ্যাপল প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর সিরির উন্নতি ঘটিয়ে প্রতিযোগিতামূলক থাকার চেষ্টা করছে কোম্পানিটি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস