ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। গত বছরের জুলাইয়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। গত বছরের জুলাইয়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা পদত্যাগ পত্রে কেন্ট লিখেছেন, ‘নিজের বিবেকের কারণে আমি এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’
তিনি বলেন, ‘ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, এবং এটি স্পষ্ট যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি৷’
ট্রাম্পের অতীতে বিদেশে মার্কিন সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আপনি বুঝতে পেরেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো ছিল একটি ফাঁদ যা আমাদের দেশপ্রেমিকদের মূল্যবান জীবন ছিনিয়ে নিয়েছে এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দিয়েছে৷’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কেন্ট বলেন, ‘একজন অভিজ্ঞ সেনা হিসেবে ১১ বার যুদ্ধে অংশ নিয়েছি। একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে ইসরাইলের তৈরি একটি যুদ্ধে নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছি। তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ট্রাম্প প্রশাসনের এটিই শীর্ষ কোনো কর্মকর্তার পদত্যাগ।
এদিকে জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট। জো কেন্টের পদত্যাগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনও হুমকি নয়।’
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স