ডিপ এলামে গোলাগুলির পৃথক দুই ঘটনা, নিরাপত্তাকর্মী নিহত, আহত ৫
যুক্তরাষ্ট্রের ডালাসের ডিপ এলাম এলাকায় বুধবার ভোররাতে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহত এবং আরও পাঁচজন আহত আহত হওয়ার ঘটনার তদন্ত করছে ডালাস পুলিশ।
যুক্তরাষ্ট্রের ডালাসের ডিপ এলাম এলাকায় বুধবার ভোররাতে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহত এবং আরও পাঁচজন আহত আহত হওয়ার ঘটনার তদন্ত করছে ডালাস পুলিশ।
পুলিশের তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে কমার্স স্ট্রিটের ২৯০০ ব্লকে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তাদের ভাষ্য, তাদের আঘাত প্রাণঘাতী নয়। আহতদের মধ্যে তিনজনকে ডালাস ফায়ার-রেসকিউ হাসপাতালে নেওয়া হয়, আর বাকি দুজনকে ব্যক্তিগত গাড়িতে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এই ঘটনার তদন্ত চলাকালেই কাছাকাছি এলম স্ট্রিটের ২৮০০ ব্লক থেকে আরেকটি গোলাগুলির খবর আসে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ২৩ বছর বয়সী ডেটোরিয়াস টারভার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সেখানে ২৬ বছর বয়সী জোসেফ গ্রে’কে গুলি করেন। গ্রে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন এবং মারামারি থামানোর চেষ্টা করছিলেন।
সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলেই টারভারকে আটক করে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাছাকাছি সময়ে ঘটলেও গোলাগুলির দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। তদন্তের স্বার্থে পুরো রাতজুড়ে ডিপ এলামের বড় একটি অংশ ঘিরে রাখা হয়।
এক বিবৃতিতে ডিপ এলাম ফাউন্ডেশন নিহত নিরাপত্তাকর্মীর পরিবার ও অন্যান্য ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ডিপ এলামের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং কমিউনিটি সেফটি প্ল্যান দ্রুত বাস্তবায়ন করা হবে।
দুটি ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ