লেবানন–ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

ট্রাম্প বলেন, চুক্তির আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। দুই পক্ষই শান্তির লক্ষ্যে সাময়িক বিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তবে ট্রাম্পের বিবৃতিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ নেই,
অথচ ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সংঘর্ষ চলছে।
নিজের কূটনৈতিক সাফল্যের দাবি করে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে নয়টি সংঘাত সমাধান করেছেন তিনি, আর এটি হতে যাচ্ছে তার দশম সাফল্য।
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা