ডালাস–ফোর্ট ওয়ার্থে ‘নো কিংস’ বিক্ষোভে হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের ডালাস, ফোর্ট ওয়ার্থ ও ফ্রিস্কোসহ ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের বিভিন্ন শহরে ‘নো কিংস’ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন। শনিবার এই অঞ্চলে দিনভর অন্তত ১০টির বেশি কর্মসূচি পালিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডালাস, ফোর্ট ওয়ার্থ ও ফ্রিস্কোসহ ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের বিভিন্ন শহরে ‘নো কিংস’ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন। শনিবার এই অঞ্চলে দিনভর অন্তত ১০টির বেশি কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ৯টায় ফ্রিস্কোতে ২০০-র বেশি মানুষের সমাবেশ দিয়ে বিক্ষোভ শুরু হয়। দুপুরে ডালাস সিটি হলে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। পরে বিকেলে ফোর্ট ওয়ার্থেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিগুলো আয়োজন করে অলাভজনক সংগঠন ইন্ডিভিজিবল এবং তাদের অংশীদাররা। আয়োজকদের ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা জানাতেই এই বিক্ষোভের আয়োজন। দেশজুড়ে এসব কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছেন।
বিকেলের দিকে ফোর্ট ওর্থে মিছিল শহরের কেন্দ্রস্থল জেনারেল ওয়ার্থ স্কয়ার এলাকায় ফিরে এলে পুরো এলাকা বিক্ষোভকারীদের দখলে চলে যায়। ‘এটাই গণতন্ত্রের রূপ’ ও ‘আর যুদ্ধ নয়’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
বিক্ষোভে অ্যাজটেক ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অংশগ্রহণকারী আর্মান্দো দেলগাদিয়ো জানান, তাদের এই নৃত্য মূলত প্রার্থনার মতো, যা সম্প্রদায়ের সংহতি প্রকাশ করে।
ফোর্ট ওয়ার্থের বাসিন্দা রিকি মার্টিনেজ বলেন, অভিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে কথা বলতেই তিনি সমাবেশে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি। সবার জন্য সমান ও ন্যায়ভিত্তিক আমেরিকা চাই।’
ডালাসে বিক্ষোভ চলাকালে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক মুখোশধারী ব্যক্তি কয়েকজনকে আঘাত করলে পুলিশ তাকে আটক করে।
ফোর্ট ওয়ার্থের সমাবেশে বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দেন। মার্ক কির্কল্যান্ড নামে এক ধর্মীয় নেতা ও সাবেক মার্কিন মেরিন সদস্য বলেন, ‘গণতন্ত্র রক্ষায় মানুষকে সক্রিয় হতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ বাড়াতে হবে।’
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ