নতুন ভোরেও কাঁপছে তেহরান, চলছেই মার্কিন-ইসরায়েলি হামলা
ইরানের রাজধানী তেহরান টানা বিস্ফোরণে কেঁপে উঠছে। রোববার ভোরেও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি–মার্কিন হামলা অব্যাহত রয়েছে। সূর্য ওঠার আগ পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের রাজধানী তেহরান টানা বিস্ফোরণে কেঁপে উঠছে। রোববার ভোরেও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি–মার্কিন হামলা অব্যাহত রয়েছে। সূর্য ওঠার আগ পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে আগের দিন শনিবার রাজধানীজুড়ে কয়েক ডজন প্রাণঘাতী হামলা চালানো হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পরও অভিযান চলবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সকালে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও লক্ষ্যবস্তুতে আঘাতের দৃশ্য দেখা যায়। সংস্থাটি জানায়, ‘নির্দেশ অনুযায়ী দ্রুত ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কয়েক ডজন যুদ্ধবিমান দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে নতুন করে হামলা শুরু হয়েছে। আইডিএফের দাবি, ইরানজুড়ে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে—যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সরকারি স্থাপনা ও সামরিক কমান্ড সেন্টার রয়েছে।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত ১৩৩ জন বেসামরিক নিহত ও ২০০ জন আহত হয়েছেন। তবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাত শরও বেশি।
তথ্যসূত্র: বিবিসি