ওহাইওর উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টোলিডো শহরে একটি উৎসবস্থলের কাছে দুই বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টোলিডো শহরে একটি উৎসবস্থলের কাছে দুই বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার বিকেলে টোলিডোর ওল্ড ওয়েস্ট এন্ড উৎসবের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
টোলিডো পুলিশ বিভাগের এক ফেসবুক পোস্টে বলা হয়, বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে তারা আরও কয়েকজনকে আহত অবস্থায় দেখতে পান। পরে আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিলেন। ঘটনার পর তারা পালিয়ে যান। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, উৎসবে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ গোলাগুলি শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
এদিকে, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, টোলিডোর এই ঘটনাসহ চলতি বছর যুক্তরাষ্ট্রে ১৭২টি গণগুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
ওহাইওতে গোলাগুলির ঘটনায় একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
তথ্যসূত্র: রয়টার্স