ভোট গণনায় হস্তক্ষেপের অভিযোগ পাটওয়ারীর, কমিশনার কার্যালয় ঘিরে আব্বাস সমর্থকদের অবস্থান
ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মিলেনিয়াম ইউনিভার্সিটি কেন্দ্রের গণনায় বাধা দেওয়া হয়েছে এবং মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। পরবর্তী আরেক পোস্টে তিনি অভিযোগ করেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফল বাকি, সেগুলোর ফল ‘আটকে রাখা হয়েছে’।
অভিযোগের বিষয়ে মির্জা আব্বাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ফল ঘোষণা ঘিরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নেন আব্বাসের সমর্থকেরা। তারা বিভিন্ন স্লোগান ও করতালি দেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস কমিশনারের কার্যালয়ে গিয়ে কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় কার্যালয় ঘিরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী। ফল ঘোষণার আগেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
ডালাস বার্তা প্রতিবেদক