‘অনিবার্য’ নয়, দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন ইরান যুদ্ধ ‘পছন্দের যুদ্ধ’
যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ নিয়ে বিরোধিতা বাড়ছে। নতুন এক জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিনি এই সংঘাতকে ‘অনিবার্য’ নয়, বরং ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ নিয়ে বিরোধিতা বাড়ছে। নতুন এক জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিনি এই সংঘাতকে ‘অনিবার্য’ নয়, বরং ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে দেখছেন।
সিবিএস নিউজ ও ইউগভ পরিচালিত জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধটিকে ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে বিবেচনা করেছেন, যেখানে ৩৪ শতাংশ একে ‘অনিবার্য যুদ্ধ’ মনে করেন।
জরিপে আরও দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ৬০ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন, যা মার্চের শুরুর তুলনায় বেড়েছে। একই সঙ্গে ৬৮ শতাংশের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি।
বর্তমান পরিস্থিতিতে ৫৭ শতাংশ মার্কিনি মনে করছেন, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো যাচ্ছে না; বিপরীতে ৪৩ শতাংশ এটিকে ইতিবাচকভাবে দেখছেন।
জরিপে রাজনৈতিক বিভাজনও সুস্পষ্ট—ডেমোক্র্যাটদের ৯২ শতাংশ ও স্বতন্ত্র ভোটারদের ৭৩ শতাংশ এই যুদ্ধকে ‘পছন্দের যুদ্ধ’ বললেও, রিপাবলিকানদের ৬৭ শতাংশ এটিকে ‘প্রয়োজনীয়’ মনে করেন।
তবে প্রায় সবাই একমত যে, সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। ৯২ শতাংশ এই মতের পক্ষে। পাশাপাশি ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে, ৭৩ শতাংশ দেশটির পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে এবং ৬৮ শতাংশ অন্য দেশগুলোর প্রতি হুমকি বন্ধের পক্ষে মত দিয়েছেন।
তবে ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তন করা উচিত কি না এবং বর্তমান শাসনব্যবস্থা রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কি না—এ দুটি প্রশ্নে মতভেদ রয়েছে।
জরিপটি ১৭ থেকে ২০ মার্চের মধ্যে ৩,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর পরিচালিত হয়। এর ত্রুটির সীমা ±২.১ শতাংশ।
তথ্যসূত্র: সিবিএস নিউজ, সিএনএন