মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। শনিবার সকাল থেকে দুবাই থেকে দোহা, মানামা থেকে এরবিল—একাধিক দেশে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে বা যারা ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র।

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় অবস্থিত বিলাসবহুল ‘ফেয়ারমন্ট দ্য পাম’ হোটেলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এতে অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরানের ছোড়া একাধিক মিসাইল ও ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। আবুধাবি একে ‘নির্লজ্জ হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল-উদেইদ এয়ার বেস-এর আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি স্থাপনায় সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
কুয়েত সিটিতে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় টার্মিনালের সামান্য ক্ষতি ও কয়েকজন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরাকের এরবিলের কাছে একটি মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে জর্ডান জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। আর ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে; দেশটির সামরিক বাহিনীর দাবি, ইরান বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে।
তথ্যসূত্র: বিবিসি, এএফপি, আল জাজিরা