ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি নাকচ ইরানের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাসনিম নিউজকে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রশ্নই ওঠে না। তার ভাষায়, “এটি আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র।”
একই অবস্থান পুনর্ব্যক্ত করেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি। তিনি জানান, ইউরেনিয়াম বিদেশে পাঠানো বা সমৃদ্ধকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনার কোনো প্রতিশ্রুতি তেহরান দেয়নি। এ ধরনের প্রস্তাবকে তারা ‘কৌশলগত রেড লাইন’ হিসেবে দেখছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের পুরো ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “যুক্তরাষ্ট্র সব পারমাণবিক উপাদান নিজের হাতে পাবে।”
তবে একই সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে, কিন্তু আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে বর্তমান যুদ্ধবিরতি বাড়ানো হবে না। পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইসলামাবাদে প্রস্তাবিত পরবর্তী বৈঠক ঘিরে নজর এখন কূটনৈতিক মহলে। ইরানের অনড় অবস্থান ও ট্রাম্পের আল্টিমেটাম মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল