ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, যুদ্ধে নতুন মাত্রা
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের এক মাস পর প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের এক মাস পর প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে।
তেহরানঘনিষ্ঠ এই শিয়া সশস্ত্র গোষ্ঠী শনিবার এক বিবৃতিতে জানায়, তারা দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে সংস্থাটি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং ঝুঁকি কেটে গেছে।
সংঘাতের প্রেক্ষাপটে এর আগে ইরান-এর সমর্থনে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় তেল আবিব প্রশাসন লেবাননে নতুন স্থল অভিযান চালায়। একইসঙ্গে ইরানঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।
এই প্রেক্ষাপটে হুতিদের যুক্ত হওয়াকে সংঘাতের বিস্তৃতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
হুতিদের বিবৃতিতে বলা হয়, ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক নাগরিক হত্যার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালিয়েছে। “প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে,” বলে হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি।
এর কয়েক ঘণ্টা আগে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে যুক্ত হবে।
বিশ্লেষকদের মতে, হুতিরা চাইলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি-তে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। ইতোমধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। উভয় প্রণালিতে সংকট তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা