ব্যাংক বন্ধ, এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকেরা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকায় নগদ অর্থ লেনদেনের জন্য এটিএম বুথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকায় নগদ অর্থ লেনদেনের জন্য এটিএম বুথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে।
কোথাও আবার টাকা উত্তোলনে সীমা নির্ধারণ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। রোববার ও সোমবার রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ করে দুর্বল ও সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকের এটিএম বুথে টাকা না থাকায় সেবা কার্যত অচল হয়ে রয়েছে।
গ্রাহকদের অভিযোগ, তুলনামূলক ভালো অবস্থানে থাকা কিছু ব্যাংকও অঘোষিতভাবে টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করেছে।
অনেক বুথে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলার সুযোগও বন্ধ রাখা হয়েছে। আবার যেসব বুথ চালু রয়েছে, সেখানেও নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা উত্তোলন করা যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় অর্থের জন্য এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও হতাশ হয়ে ফিরছেন গ্রাহকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী। সাইফুল ইসলাম মালেক নামের এক গ্রাহক লিখেছেন, “ঈদের আগে এটিএম বুথে টাকা নেই—এটা শুধু অব্যবস্থাপনা নয়, সরাসরি গ্রাহকের সঙ্গে প্রতারণা। মানুষ নিজের কষ্টের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।”
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করা হয়েছে। কোনো ব্যাংক যদি নিজস্ব গ্রাহকদের চাহিদা পূরণে ব্যর্থ হয়, সেটি তাদের ব্যবস্থাপনার বিষয়।
তথ্যসূত্র: টিবিএস