ডালাস ছাড়ছে এটিঅ্যান্ডটির সদর দপ্তর, নগর কর্তৃপক্ষকে দুষলেন অ্যাবট

ডাউনটাউন ডালাস থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির সিদ্ধান্তের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

Jan 7, 2026 - 13:15
ডালাস ছাড়ছে এটিঅ্যান্ডটির সদর দপ্তর, নগর কর্তৃপক্ষকে দুষলেন অ্যাবট
এটিঅ্যান্ডটির সদর দপ্তর ডালাস শহর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট নগর কৃর্তৃপক্ষের ওপর দোষারোপ করেছেন। ছবি: ক্রন

ডাউনটাউন ডালাস থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির সিদ্ধান্তের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

সোমবার এটিঅ্যান্ডটি জানায়, তারা ডালাসের হুইটেকার টাওয়ারে থাকা সদর দপ্তর ছেড়ে প্ল্যানোতে স্থানান্তরিত হচ্ছে। ২০০৮ সাল থেকে ডালাসে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানটি তাদের তিনটি বড় কার্যালয় একত্র করে প্ল্যানোর লেগেসি ড্রাইভে ৫৪ একরের একটি ক্যাম্পাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ক্যাম্পাসে ২০২৮ সালের শেষ নাগাদ কার্যক্রম শুরু হতে পারে।

মঙ্গলবার ফোর্ট ওর্থে এক আইনশৃঙ্খলাসংক্রান্ত অনুষ্ঠানে অ্যাবট বলেন, জননিরাপত্তায় ব্যর্থতার কারণেই ডালাস ছাড়ছে এটিঅ্যান্ডটি। তাঁর অভিযোগ, শহরটি পর্যাপ্ত পুলিশ নিয়োগ নাগরিক সুরক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, স্থানীয় নেতাদের দায়িত্ব জনগণকে নিরাপদ রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীতে যথাযথ অর্থায়ন নিশ্চিত করা। ডালাস তা না করায় এটিঅ্যান্ডটি এখন ডাউনটাউন ছাড়ছে।’

ডালাস সিটি কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ নাকচ করেছে। শহরের পক্ষ থেকে বলা হয়, উঁচু ভবনের শহরকেন্দ্র নয়, বরং বড় পরিসরের ক্যাম্পাসে কাজ করার করপোরেট পছন্দই এই সিদ্ধান্তের মূল কারণ। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গৃহহীন মানুষের সংখ্যা কমিয়ে আনতে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

মেয়র এরিক জনসন জানান, ২০১৯ সালের পর থেকে ২৭ বিলিয়ন ডলারের নতুন উন্নয়ন করা হয়েছে, সামনে আসছে আরও বড় প্রকল্প। সিটি ম্যানেজার কিম্বারলি বিজর টলবার্টও জানান, ডাউনটাউন এলাকায় পুলিশি উপস্থিতি বাড়ানো এবং গৃহহীনদের পুনর্বাসনে শহর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

গভর্নরের দপ্তর নতুন করে কোনো মন্তব্য করেনি। ডালাস পুলিশ বিভাগও বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তথ্যসূত্র: ক্রন