চীনা প্রতিযোগিতার মুখে ফোক্সওয়াগেন, এক লাখ পদ ছাঁটাই ও চারটি কারখানা বন্ধের পরিকল্পনা
জার্মানির বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোক্সওয়াগেন গ্রুপ এক লাখ পর্যন্ত কর্মী ছাঁটাই এবং বেশ কয়েকটি কারখানার উৎপাদন ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে।
জার্মানির বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোক্সওয়াগেন গ্রুপ এক লাখ পর্যন্ত কর্মী ছাঁটাই এবং বেশ কয়েকটি কারখানার উৎপাদন ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে।
জার্মানির ম্যানেজার ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ২৭ জুন শুক্রবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। ফোক্সওয়াগেন গ্রুপ অডি, বেন্টলি, স্কোডা, সিয়াট ও কুপ্রাসহ বিভিন্ন ব্র্যান্ড মিলিয়ে ৬ লাখ ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যমেয়াদে চারটি জার্মান কারখানা বন্ধ করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে আছে নেকারসুলমের অডি কারখানা এবং হানোভার, ৎভিকাউ ও এমডেনে ফোক্সওয়াগেনের তিনটি কারখানা। ইতোমধ্যে ঘোষিত ১ হাজার ১০০ কোটি ইউরোর খরচ কমানোর কৌশলের চেয়ে এই নতুন পরিকল্পনা অনেক বেশি কঠোর।
কোম্পানির মুখপাত্র বলেছেন, শুল্ক, প্রতিযোগিতা এবং স্থবির ও কখনো কখনো নিম্নমুখী বাজার মিলে বার্ষিক কোটি কোটি ইউরোর ভার তৈরি হচ্ছে। তিনি জানান, সম্পূর্ণ গ্রুপকে গভীরভাবে রূপান্তরিত হতে হবে এবং এর জন্য কর্মী ও তাদের ইউনিয়নের সম্পৃক্ততা জরুরি।
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি সম্প্রতি ঘোষণা করেছে, পাঁচ বছরের মধ্যে তারা টয়োটাকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম গাড়ি কোম্পানি হতে চায়। ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের বাজারে ফোক্সওয়াগেন সাময়িকভাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেও ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ির প্রসার অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান