যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলারে নেওয়ার প্রস্তাব সিনেট ডেমোক্র্যাটের

যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থেকে ধাপে ধাপে ২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন সিনেটর ক্রিস মারফি। বৃহস্পতিবার তিনি লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট নামে বিলটি সিনেটে উত্থাপন করেন।

Jun 26, 2026 - 20:55
যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলারে নেওয়ার প্রস্তাব সিনেট ডেমোক্র্যাটের
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থেকে ধাপে ধাপে ২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন সিনেটর ক্রিস মারফি। বৃহস্পতিবার তিনি লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট নামে বিলটি সিনেটে উত্থাপন করেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১২ ডলারে নেওয়া হবে। এরপর কয়েক বছরের মধ্যে তা ২৫ ডলারে উন্নীত করা হবে। বড় প্রতিষ্ঠানগুলোকে প্রায় ছয় বছরের মধ্যে এই নিয়ম মানতে হবে, আর ছোট ব্যবসাগুলোর জন্য সময়সীমা রাখা হয়েছে সর্বোচ্চ ১৩ বছর।

বিলে টিপস পাওয়া কর্মী, তরুণ কর্মী এবং প্রতিবন্ধী কর্মীদের জন্য কম মজুরি দেওয়ার বর্তমান ব্যবস্থাও বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। প্রতিনিধি পরিষদে একই ধরনের একটি বিল এনেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলিয়া রামিরেজ।

যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ২০০৯ সালের জুলাই থেকে ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলারে স্থির আছে। তবে অনেক অঙ্গরাজ্য নিজেদের মতো করে এর চেয়ে বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। টেক্সাস এখনো ফেডারেল ৭ দশমিক ২৫ ডলার হার অনুসরণ করে।

সমর্থকেরা বলছেন, খাবার, বাসা ভাড়া, যাতায়াত ও স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান ন্যূনতম মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমআইটির হিসাব অনুযায়ী, টেক্সাসে একজন একক প্রাপ্তবয়স্ক মানুষের মৌলিক খরচ মেটাতে ঘণ্টায় প্রায় ২১ দশমিক ৭৭ ডলার প্রয়োজন।

তবে ব্যবসায়ী গোষ্ঠী ও কিছু অর্থনীতিবিদ বড় ধরনের মজুরি বৃদ্ধির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তাঁদের মতে, এতে ছোট ব্যবসার খরচ বেড়ে যেতে পারে এবং কিছু এলাকায় নতুন কর্মী নিয়োগ কমে যেতে পারে।

বিলটি এখন সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটিতে যাবে। তবে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় প্রস্তাবটি দ্রুত পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য ডালাস এক্সপ্রেস