বাংলাদেশিদের অভিবাসী ভিসায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর বহাল থাকা অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের একটি আদালত গত ২১ আগস্ট এই নীতিকে অবৈধ ঘোষণা করলে ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে।

Sep 5, 2026 - 22:49
বাংলাদেশিদের অভিবাসী ভিসায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি (উইকিমিডিয়া কমন্স)

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর বহাল থাকা অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের একটি আদালত গত ২১ আগস্ট এই নীতিকে অবৈধ ঘোষণা করলে ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে।

নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন বলে বিভিনিউজ২৪ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (ক্লিনিক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় আসে। আদালত স্পষ্ট জানান, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় শুধু জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা দিতে অস্বীকার করার একচ্ছত্র অধিকার পররাষ্ট্রমন্ত্রীর নেই।

চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মার্কিন সরকারি সুযোগ-সুবিধার ওপর নাগরিকরা নির্ভরশীল হতে পারেন, এমন আশঙ্কা এর কারণ হিসেবে দেখানো হয়।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে যোগ্য আবেদনকারীরা নিয়মিত প্রক্রিয়ায় অভিবাসী ভিসা পাবেন। নিষেধাজ্ঞা চলাকালে যারা আবেদন জমা দিয়েছিলেন বা সাক্ষাৎকার দিয়েছিলেন, তাদের জন্যও চূড়ান্ত ভিসা পাওয়ার পথ খুলে গেছে।

দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তার পর এই সিদ্ধান্তে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের স্বস্তি মিলেছে। গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের ভিসার জন্য অপেক্ষমাণ বাংলাদেশিরা এখন আবার আবেদন প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবেন। সূত্র: বিভিনিউজ২৪।