যুক্তরাষ্ট্রে তাপদাহ, ৯ কোটি মানুষ ঝুঁকিতে, ওয়াশিংটনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস
যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিম থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত তাপদাহ, প্রায় ৯ কোটি মানুষ ঝুঁকিতে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা।
যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত তাপের চাদর জেঁকে বসেছে, যা প্রায় ৯ কোটি মানুষকে ঝুঁকিতে ফেলেছে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা।
এনপিআর বৃহস্পতিবার জানায়, বাল্টিমোর-ওয়াশিংটন অঞ্চল ও পেনসিলভেনিয়াতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে এবং হিট ইন্ডেক্স ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। শুক্রবারের পূর্বাভাসও একইরকম বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকছে, যা হিট স্ট্রোক ও হিট এক্সহস্টনের ঝুঁকি আরও বাড়াচ্ছে। ওই অঞ্চলে রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামার আশঙ্কা রয়েছে।
ডিউক বিশ্ববিদ্যালয়ের হিট পলিসি ইনোভেশন হাবের পরিচালক অ্যাশলি ওয়ার্ড বলেন, সন্ধ্যার পরেও তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেশি থাকছে এবং অনেক সময় ২৭ থেকে ২৪ ডিগ্রির নিচে নামছে না। তিনি আরও বলেন, শরীর ও বিদ্যুৎ অবকাঠামোর রাতে পুনরুদ্ধারের সুযোগ না পাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক।
পঞ্চম জাতীয় জলবায়ু মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দিনের তুলনায় রাতের তাপমাত্রা আরও দ্রুত বাড়ছে। এসিকিউওয়েদারের আবহাওয়াবিদ অ্যালেক্স ডাসিলভা বলেন, বড় তাপদাহের সময় রাতের সর্বনিম্ন তাপমাত্রার ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
সূত্র: এনপিআর