অতিরিক্ত টিভি দেখলে মস্তিষ্কের আকার কমে, ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

মধ্যবয়সে অতিরিক্ত টেলিভিশন দেখলে প্রায় দুই দশক পর মস্তিষ্কের স্মৃতি, ভাষা ও জ্ঞানীয় নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট অংশের আকার কমে যায় বলে একটি নতুন গবেষণায় দেখা গেছে। আলঝেইমারস অ্যান্ড ডিমেনশিয়া জার্নালে প্রকাশিত এই গবেষণায় আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়া মস্তিষ্কের অংশেও পরিবর্তন দেখা গেছে।

Aug 8, 2026 - 22:28
অতিরিক্ত টিভি দেখলে মস্তিষ্কের আকার কমে, ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা
ছবি: মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট

মধ্যবয়সে অতিরিক্ত টেলিভিশন দেখলে প্রায় দুই দশক পর মস্তিষ্কের স্মৃতি, ভাষা ও জ্ঞানীয় নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট অংশের আকার কমে যায় বলে একটি নতুন গবেষণায় দেখা গেছে। আলঝেইমারস অ্যান্ড ডিমেনশিয়া জার্নালে প্রকাশিত এই গবেষণায় আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়া মস্তিষ্কের অংশেও পরিবর্তন দেখা গেছে।

সিএনএনের গত ৮ আগস্ট শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের দীর্ঘমেয়াদি গবেষণায় ১ হাজার ৭০০-এরও বেশি মধ্যবয়সী অংশগ্রহণকারীকে পর্যবেক্ষণ করা হয়। তাদের গড় বয়স ছিল ৫৩ বছর এবং ২০ বছরেরও বেশি সময় পর তাদের মস্তিষ্কের এমআরআই করা হয়।

যারা মধ্যবয়সে খুব বেশি টেলিভিশন দেখেছেন বলে জানিয়েছেন তাদের মস্তিষ্কে হোয়াইট ম্যাটার হাইপারইনটেনসিটিজ বেশি পাওয়া গেছে, যা মস্তিষ্কের ক্ষুদ্র রক্তনালির ক্ষতি নির্দেশ করে এবং জ্ঞানীয় অবনতি ও ডিমেনশিয়ার সঙ্গে সম্পর্কিত। তবে কর্মক্ষেত্রে বসে থাকার সঙ্গে এই ধরনের নেতিবাচক সম্পর্ক পাওয়া যায়নি।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির জরুরি চিকিৎসক ড. লেনা ওয়েন বলেছেন, সব ধরনের বসে থাকা এক নয়। টেলিভিশন দেখা একটি জ্ঞানীয়ভাবে নিষ্ক্রিয় কাজ কারণ দর্শক শুধু তথ্য গ্রহণ করে, সক্রিয়ভাবে প্রক্রিয়া করে না। নিয়মিত শারীরিক ব্যায়ামও দীর্ঘ সময় টিভি দেখার প্রভাব পুরোপুরি প্রতিরোধ করতে পারে না বলে গবেষণায় উঠে এসেছে।

গবেষকরা পরামর্শ দিয়েছেন, নিষ্ক্রিয় বিনোদনের সঙ্গে মানসিকভাবে উদ্দীপক কাজ যেমন ভাষা শেখা বা পড়াশোনার ভারসাম্য রাখতে হবে। শারীরিক কার্যকলাপ, রক্তচাপ নিয়ন্ত্রণ, ভালো ঘুম, ভূমধ্যসাগরীয় ধরনের খাদ্যাভ্যাস এবং সামাজিক সংযোগ বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন