শিশুদের জন্য চালু হলো ট্রাম্প অ্যাকাউন্ট, কারা পাবেন সরকারের ১ হাজার ডলার
যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় ও বিনিয়োগের নতুন ব্যবস্থা ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ চালু হয়েছে। এই অ্যাকাউন্টে পরিবারের সদস্যরা অর্থ জমা দিতে পারবেন এবং সেই অর্থ মার্কিন শেয়ারবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে।
যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় ও বিনিয়োগের নতুন ব্যবস্থা ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ চালু হয়েছে। এই অ্যাকাউন্টে পরিবারের সদস্যরা অর্থ জমা দিতে পারবেন এবং সেই অর্থ মার্কিন শেয়ারবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে।
১৮ বছরের কম বয়সী এবং বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা যোগ্য মার্কিন শিশুর নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে। তবে সব শিশু সরকারের দেওয়া এককালীন ১ হাজার ডলার পাবে না। এই অর্থ পাওয়ার জন্য শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নিতে হবে।
যোগ্য শিশুর মা-বাবা বা আইনগত অভিভাবককে অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে। এ জন্য আইআরএসের ফরম ৪৫৪৭ জমা দেওয়া যায়। সরকারি ট্রাম্প অ্যাকাউন্ট অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাকাউন্ট পরিচালনা এবং অর্থ জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের দেওয়া ১ হাজার ডলারের বাইরে মা-বাবা, আত্মীয়স্বজন এবং অন্য ব্যক্তিরা শিশুর অ্যাকাউন্টে অর্থ দিতে পারবেন। সব মিলিয়ে সাধারণভাবে বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার জমা দেওয়া যাবে। কোনো কোনো নিয়োগকর্তা কর্মী বা তাঁর সন্তানের অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার দিতে পারবেন। এই অর্থও মোট ৫ হাজার ডলারের সীমার মধ্যে থাকবে।
অ্যাকাউন্টে থাকা অর্থ ইচ্ছামতো কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করা যাবে না। এটি সাধারণভাবে এসঅ্যান্ডপি ৫০০ বা মূলত মার্কিন কোম্পানিগুলো নিয়ে গঠিত অন্য কোনো অনুমোদিত সূচক অনুসরণকারী মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ করতে হবে।
শিশুর বয়স ১৮ বছর হওয়ার আগে সাধারণভাবে এই অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা যাবে না। যে বছরে শিশুটি ১৮ বছরে পা দেবে, সেই বছরের শুরু থেকে অ্যাকাউন্টটি সাধারণত প্রচলিত অবসর সঞ্চয় হিসাব বা আইআরএর নিয়মে পরিচালিত হবে। এরপর শিক্ষা, বাড়ি কেনা বা অন্য প্রয়োজনে অর্থ ব্যবহারের সুযোগ থাকবে, তবে অর্থ তোলার ধরন অনুযায়ী কর বা জরিমানার নিয়ম প্রযোজ্য হতে পারে।
ট্রাম্প প্রশাসন বলছে, ছোট বয়স থেকে বিনিয়োগের সুযোগ দিয়ে শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা তৈরি করাই এই কর্মসূচির উদ্দেশ্য। তবে আর্থিক বিশেষজ্ঞেরা বলছেন, শেয়ারবাজারে বিনিয়োগে লাভ নিশ্চিত নয়। বাজারের উত্থান-পতনের কারণে অ্যাকাউন্টে থাকা অর্থের মূল্য বাড়তেও বা কমতেও পারে।
সূত্র: সিএনএন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও আইআরএস, ৪ জুলাই ২০২৬