টেক্সাস সিনেটে আবার টিএইচসি পণ্য নিষিদ্ধের উদ্যোগ
টেক্সাস সিনেটের রক্ষণশীল সদস্যরা আবার রাজ্যজুড়ে সব ধরনের টিএইচসি পণ্য নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছেন। গভর্নর গ্রেগ অ্যাবোট গত অধিবেশনে একই ধরনের বিলে ভেটো দিয়েছিলেন।
টেক্সাসে সব ধরনের টিএইচসি পণ্য নিষিদ্ধ করতে আবার আইনি উদ্যোগ নিতে যাচ্ছেন রাজ্য সিনেটের রক্ষণশীল সদস্যরা।
গত ৮ জুলাই বুধবার এনবিসি ডিএফডব্লিউ জানায়, গত মঙ্গলবার সিনেটে আয়োজিত শুনানিতে মানসিক স্বাস্থ্য সমস্যা ও হাসপাতালে বাড়তি চাপের বিষয়টি আলোচনায় আসে। পুলিশ প্রধান, শেরিফ ও টেক্সাস মেডিকেল অ্যাসোসিয়েশন এই নিষেধাজ্ঞার প্রস্তাবকে সমর্থন করেছে।
টেক্সাস মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসক ডমিনিক লুসিয়া শুনানিতে জানান, টিএইচসি-সম্পর্কিত কারণে জরুরি বিভাগে রোগীর সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লুব্বকের রিপাবলিকান সিনেটর চার্লস পেরি বলেন, তিনি আগের বিলের মতো আবার প্রস্তাব আনবেন।
সর্বশেষ আইনি অধিবেশনে লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিকের শীর্ষ অগ্রাধিকার ছিল এই নিষেধাজ্ঞা; কিন্তু গভর্নর গ্রেগ অ্যাবোট সেই প্রস্তাবে ভেটো দেন। পরে অ্যাবোট একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্বল্পমাত্রার টিএইচসি পণ্য বৈধ ও নিয়ন্ত্রিত করেন।
টেক্সাসে টিএইচসি শিল্পের আকার এখন এক হাজার কোটি ডলারের বেশি এবং এটি প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে এই শিল্পের সমর্থকরা দাবি করেন। নিষেধাজ্ঞার বিরোধীরা বলছেন, আইনপ্রণেতারা যখন আবার অধিবেশনে বসবেন, তখন এই ইস্যুতে আরেকটি তীব্র লড়াইয়ের প্রস্তুতি চলছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ