টেক্সাসের সরকারি স্কুলে বাইবেলের অংশ বাধ্যতামূলক পাঠ্য হিসেবে অনুমোদন
টেক্সাসের রাজ্য শিক্ষা বোর্ড রাজ্যের ৫০ লাখের বেশি সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বাধ্যতামূলক পাঠ্যতালিকা অনুমোদন করেছে, যাতে বাইবেলের অংশবিশেষ অন্তর্ভুক্ত রয়েছে।
টেক্সাসের রাজ্য শিক্ষা বোর্ড রাজ্যের ৫০ লাখের বেশি সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বাধ্যতামূলক পাঠ্যতালিকা অনুমোদন করেছে, যাতে বাইবেলের অংশবিশেষ অন্তর্ভুক্ত রয়েছে।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন গত ২৭ জুন শুক্রবার এই তালিকা অনুমোদন দেয়। এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, প্রায় ২০০টি পাঠ্য উপকরণ এই তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে বাইবেলের অংশ ছাড়াও চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেক্টেশনস ও জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস রয়েছে।
২০২৩ সালে পাস হওয়া একটি রাজ্য আইনে প্রতিটি গ্রেড স্তরের জন্য অন্তত একটি বাধ্যতামূলক সাহিত্যকর্ম নির্ধারণের প্রয়োজনীয়তা ছিল। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ডেভিড অ্যান্ড গোলিয়াথ ও ড্যানিয়েল অ্যান্ড দ্য লায়নস ডেন অন্তর্ভুক্ত রয়েছে। মাধ্যমিক স্তরে বাইবেল থেকে যিশুর সার্মন পাঠ করতে হবে এবং ২০৩০ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে বাস্তবায়ন শুরু হবে।
সমালোচকরা বলছেন, এই তালিকা মার্কিন সংবিধানে থাকা চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের বিধান লঙ্ঘন করছে এবং বৈচিত্র্যের অভাব রয়েছে। টেক্সাস ফ্রিডম নেটওয়ার্কের প্রতিনিধি এলভা মেন্দোজা বলেন, এই তালিকা শুধু একটিমাত্র ধর্মীয় গ্রন্থকে বাধ্যতামূলক করে শিশুদের কাছে একটি বিশেষ বার্তা দিচ্ছে।
টেক্সাস যুক্তরাষ্ট্রের মোট সরকারি স্কুলের শিক্ষার্থীর প্রায় ১০ শতাংশকে শিক্ষা দিয়ে থাকে। ন্যাশনাল কাউন্সিল অব টিচার্স অব ইংলিশের প্রেসিডেন্ট ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্টেরো গার্সিয়া বলেছেন, ধর্মীয় গ্রন্থ অন্তর্ভুক্ত বাধ্যতামূলক পাঠ্যতালিকা থাকা অন্য কোনো রাজ্যে দেখেননি তিনি।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ